ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আজ বেগম রোকেয়া দিবস

বেগম রোকেয়া দিবস আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিবছর ৯ ডিসেম্বর দিবসটি পালন করা হয়।


নারীকে আলোর পথ দেখাতে সংগ্রাম করে গেছেন বেগম রোকেয়া। লড়েছেন সমাজের অন্ধ গোঁড়ামি থেকে নারীকে মুক্ত করতে। এই দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বেগম রোকেয়া শুধু নারী শিক্ষার অগ্রদূতই ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী। বিংশ শতাব্দীর প্রথম দশকে বেগম রোকেয়া তার শানিত অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন যে, সমাজে নারীর অধস্তন অবস্থা নারী উন্নয়নের পথে প্রধান অন্তরায়। তাই তার চিন্তা-ভাবনা-উদ্বেগ সর্বক্ষণ আবর্তিত ছিল নারী জাগরণ ও সম-অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে।


প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার প্রসার ও নারী-পুরুষের সমতাভিত্তিক রাষ্ট্র গঠনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পথিকৃৎ। তিনি বিশ্বাস করতেন দেশকে এগিয়ে নিতে হলে এবং সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে নারীর সমান অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব নয়। তাই তিনি জাতীয় সংসদে নারীদের জন্য আসন সংরক্ষিত রাখার বিধান করেন। ১৯৭২ সালেই চাকরির ক্ষেত্রে নারীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করেন।


চলতি বছর বেগম রোকেয়া পদকের জন্য ৫ বিশিষ্ট নারীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন-শিক্ষায় হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় অর্চনা বিশ্বাস, আর্থ-সামাজিক উন্নয়নে শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), সাহিত্য ও সংস্কৃতিতে ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে ড. সারিয়া সুলতানা।


বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে। সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিবসের উদ্বোধন করবেন।

ads
ads
ads

Our Facebook Page

↑